সেপ্টেম্বরে স্থগিত থাকা আইপিএলের বাকি অংশ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। যে আসরে বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে ছাড়পত্র দেওয়ার ব্যাপারে ইতিবাচক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সংবাদমাধ্যমকে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, সাকিব ও মোস্তাফিজ আইপিএলে খেলার অনুমতি পেতে যাচ্ছেন।
ভারতের এই ফ্র্যাঞ্চাইজি আসরটি করোনা প্রাদুর্ভাবের কারণে ২৯ মার্চ স্থগিত হয়ে যায়। আরব আমিরাতে আসরের বাকি অংশ ১৯ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।
সাকিব এবারের আসরে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সে, মোস্তাফিজ রয়েছেন রাজস্থান রয়্যালসে। দুজনই আইপিএলের দ্বিতীয় অংশে অংশ নিতে বিসিবিতে আবেদন করেছেন।
আকরাম বলেন, ‘এটা তো আমাদের জন্য অনেক ভালো একটা সুযোগ যে আমাদের ক্রিকেটাররা আইপিএলের মতো একটা টুর্নামেন্টে খেলবে, যার স্ট্যান্ডার্ড অনেক উঁচু মানের। তো সেখানে যদি ভালো পারফর্ম করে, ওই কন্ডিশনে আমরা বিশ্বকাপ খেলব, ওখানে দলের জন্য খুব উপকার হবে। বোর্ড ওদের এনওসির ব্যাপারে ইতিবাচক আছে।’
