চন্দনাইশে হাশিমপুর ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের শোক দিবসের সভায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দু-গ্রুপের মধ্যে গোলাগুলিও হয়।
এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর লোকমান হাকিম, আওয়ামী লীগ নেতা নুরুল আমিন, ছাত্রলীগ নেতা বিজয় বডুয়াসহ ৫-৬ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
সোমবার সন্ধ্যায় হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে হঠাৎ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।
এ ঘটনার রেশ ধরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা প্রায় আধ ঘণ্টার মতো চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী দেওয়ানহাট, বাগিচাহাটে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহাবুবুল আলম বাবুলের বক্তব্য চলাকালে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া আর গোলাগুলির ঘটনা ঘটে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যার পর ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের একটি ঘটনা ঘটেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকজন আহত হওয়ার খবর শোনা যাচ্ছে।
