ভাড়া বাড়িতে থাকেন অনুপম খের, নিজের কোনও সম্পত্তিও নেই!

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ০৬:০৯ পিএম

বলিউডের জনপ্রিয় অভিনেতা অনুপম খেরের মুম্বাইতে কোনও অ্যাপার্টমেন্ট নেই। তিনি মুম্বাইতে একটি ভাড়া বাড়িতে থাকেন। সম্প্রতি ইকোনমিক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।

বছর পাঁচেক আগে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, কোনও ব্যক্তিগত সম্পত্তির মালিক হবেন না। খেরের একটিই বাড়ি রয়েছে তার জন্মস্থান সিমলায়। চার বছর আগে এটি মায়ের জন্য কিনেছিলেন তিনি।

অনুপম খের বছরের অর্ধেক সময় কাটান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানে তিনি একটি অভিনয়ের স্কুল চালু করেছেন। কয়েক বছর আগে কিছু প্রকল্পের শুটিংও করা হয়েছে সেখানে।

সিমলার বাড়িটি কেনার গল্পও দুর্দান্ত। অনুপম খের জানান, বাবা মারা যাওয়ার পর মা আমাদের সাথেই থাকতেন। বাসার কোলাহল মা’কে খুব বিরক্ত করত। এ জন্য মা কে জিজ্ঞেস করি, তিনি কী চান। মা অবাক করে দিয়ে বলেন, আমি ভাড়া বাসায় জীবন কাটিয়ে দিলাম। একটা সময় মনে করতাম, আমার একটা নিজের বাড়ি হবে। আমাকে একটা বাড়ি কিনে দাও। মায়ের জন্যই মূলত সিমলায় ৯ বেডরুমের বাড়িটি কেনা হয়েছে।

অনুপমের মা সিমলায় থাকতেই বেশি পছন্দ করতেন। তিনি সেখানে একটি ছোট্টরুম পছন্দ করেছিলেন। তবে মা’কে চমকে দেওয়ার জন্য এজেন্টের মাধ্যমে মালিকের সাথে কথা বলে পুরো বাড়িটি কেনার চুক্তিপত্র করেন। বিষয়টি তিনি মাকে জানালে, তার মা এতে খুবই রেগে যান, বকাঝকা করেন। বলেন, তোর কি মাথা খারাপ হয়েছে?

চলতি বছরের জুনে মুম্বাইতে ফিরে যাওয়ার আগে সিমলায় তার মাকে বিদায় জানানোর একটি ভিডিও শেয়ার করেন অনুপম। সেখানে তিনি তার জন্মস্থানের স্মৃতিচারণ করেছেন। ক্যাপশনে লিখেছেন, পৃথিবীর সবচেয়ে সহজ কাজ বাবা মাকে খুশি করা।

অনুপম খের ‘সারাংশ’, ‘রাম লখন’, ‘লামহে’, ‘ধার’ ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ম্যায় গান্ধী কো নাহিন মারা’, ‘বেবি’ এবং ‘স্পেশাল টুয়েনটিসিক্স’ এর মতো অনেক জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন। সর্বশেষ, ২০১৯ সালে ক্রাইম থ্রিলার ‘ওয়ান ডে : জাস্টিস ডেলিভার্ড’-এ তাকে দেখা গিয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত