প্রধান বিচারপতিকে বিদায় নেয়ার আহ্বান জাফরুল্লাহ চৌধুরীর

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ০৬:০১ পিএম

প্রধান বিচারপতিকে বিদায় নেয়ার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।  বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে জেনারেল এমএজি ওসমানীর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে '৭১ এর মহান মুক্তিযুদ্ধ ও জেনারেল এমএজি ওসমানী' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বিচারপতিদের অভিনন্দন জানাই, তারা পরীমণিকে আগে মুক্তি দিয়েছেন। সুন্দরী মহিলা বলে নয়, বিভিন্ন কারণে মুক্তি দিয়েছেন। কয়েকজন ছাত্র এখনো মুক্তি পায়নি। আমি-সাকি (জোনায়েদ সাকি) ছাত্রদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম। তখন তিনি বলেন, (প্রধান বিচারপতি) আমরা নাকি বিচারে হস্তক্ষেপ করতে পারি না। এখন পরিমণি কীভাবে মুক্তি পেল। সুন্দরী মহিলা বলে? ছাত্রগুলোকে ও খালেদা জিয়াকে জামিন দিয়ে দেন। খালেদা জিয়া কয় টাকা চুরি করছেন?’ 

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা শুধু প্রেস ক্লাবের মধ্যে থাইকেন না। পথে আসেন। পথে আসলে আমরাও আপনাদের সঙ্গে থাকব। আপনাদের সঙ্গে নিয়েই দেশে গণতন্ত্র আনব। কিন্তু আওয়ামী লীগের গণতন্ত্র নয়। জিয়াউর রহমানকে গালি দিলে আপনারা কষ্ট পান। কিন্তু আপনারা তো জিয়াউর রহমানের কথা শুনেন না। বিএনপির গঠনতন্ত্র আপনারা আরেকবার পড়েন।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘বাংলাদেশ আগামী নির্বাচন আসন্ন। নির্বাচন কমিশন থেকে শুরুতে নির্বাচন সংক্রান্ত গণতন্ত্রের বিষয়টা আবার সামনে চলে আসবে। বিএনপি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল, কাজেই বিএনপিকে এখন জিয়াউর রহমানের কবরে ঢুকিয়ে দিতে হবে। জিয়াউর রহমান গুলি ছুড়েছিলেন কিনা, এটাই এখন বিএনপির বিষয় হয়ে দাঁড়াবে। এ রকম একটা জটিল পরিস্থিতির মধ্যে আমরা আছি।’

ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী সভাপতিত্বে এবং ঢাকা মহানগর ভাসানী অনুসারী পরিষদের সভাপতি হাবিবুর রহমান রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব নঈম জাহাঙ্গীর, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফাত, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন ফোরকান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি মহাসচিব মুক্তিযোদ্ধা মনোয়ারুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত