শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পেকে দলে ভেড়াতে ব্যর্থ হয়েছে রিয়াল মাদ্রিদ। তবে লস ব্লাঙ্কোসদের তারকা খেলোয়াড় করিম বেনজেমার আশা, একদিন ঠিকই রিয়ালে খেলবেন তার স্বদেশি এমবাপ্পে।
ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তির মেয়াদ শেষ হবে ২০২২ সালের ৩০ জুন। তবে গত কয়েকটি দল বদলে তার রিয়ালে পাড়ি দেওয়ার আলোচনা ছিল তুঙ্গে।
এবার তো ফরাসি তারকাকে দলে ভেড়াতে অনেক দূর এগিয়ে গিয়েছিল রিয়াল। তবে এই তারকাকে কেনার জন্য রিয়াল যে প্রস্তাবগুলো দিয়েছে, তার কোনোটিতেই মন ভরেনি পিএসজির।
এ অবস্থায় রিয়ালের ফরাসি তারকা বেনজেমা বলছেন, ‘সে একদিন না একদিন রিয়াল মাদ্রিদের হয়ে খেলবে। আমাদের মধ্যে বোঝাপড়া সত্যিই ভালো। সে মাদ্রিদে আজ আমার সাথে থাকলে ভালো লাগত।’
বিশ্বকাপ বাছাইয়ে বসনিয়ার বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র ম্যাচের পর ফ্রান্স ফরোয়ার্ড সংবাদমাধ্যমকে এসব কথা বলেন।
বেনজেমা আরো বলেন, ‘ভবিষ্যতে কি ঘটবে জানি না। কিন্তু রিয়ালে এমবাপ্পেকে স্বাগত জানানো হবে। সে এমন একজন খেলোয়াড় যার ভবিষ্যতে রিয়ালের খেলোয়াড় হওয়ার সব গুনই রয়েছে।’
