দিল্লি বিধান সভায় ব্রিটিশদের সেই গোপন সূড়ঙ্গের সন্ধান

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫৯ পিএম

দিল্লির বিধানসভায় বৃহস্পতিবার সুড়ঙ্গের মতো একটি কাঠামো আবিষ্কৃত হয়েছে। সুড়ঙ্গটি রেড ফোর্ট তথা লাল কেল্লার সঙ্গে যুক্ত বলে ধারণা করা হচ্ছে। খবর: এনডি টিভি।

দিল্লি বিধানসভার স্পিকার রাম নিবাস গোয়েল বলেন, সুড়ঙ্গটি বিধানসভাকে লাল কেল্লার সঙ্গে যুক্ত করেছে এবং ভারতীয় মুক্তিযোদ্ধাদের সরানোর সময় জনগণের বিক্ষোভ এড়াতে ব্রিটিশরা এই সুড়ঙ্গ ব্যবহার করতো।

তিনি বলেন, “১৯৯৩ সালে যখন আমি এমএলএ হয়েছি, তখন এখানে একটি সুড়ঙ্গ থাকার কথা শুনি, যা লাল কেল্লা পর্যন্ত গিয়েছে এবং আমি এর ইতিহাস খোঁজার চেষ্টা করি। কিন্তু এ বিষয়ে কোনো স্পষ্টতা ছিল না”।

তিনি আরও বলেন, “এখন আমরা সুড়ঙ্গের মুখটি পেয়েছি, কিন্তু আমরা এটি আর খনন করছি না। কারণ মেট্রো প্রকল্প এবং নর্দমা স্থাপনের কারণে সুড়ঙ্গের সমস্ত পথ ধ্বংস হয়ে গেছে”।

রাম নিবাস গোয়েল আরও জানান যে, ১৯১২ সালে ব্রিটিশদের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের পর দিল্লি বিধানসভাকে ১৯২৬ সালে আদালতে পরিণত করা হয়েছিল, যা আগে কেন্দ্রীয় আইনসভা হিসেবে ব্যবহৃত হতো। ব্রিটিশরা এই সুড়ঙ্গ ব্যবহার করেই মুক্তিযোদ্ধাদেরকে ওই আদালতে নিয়ে আসতো।

“আমরা সবাই এখানে একটি ফাঁসির কক্ষের উপস্থিতি সম্পর্কে জানতাম কিন্তু তা কখনোই খুলিনি। এখন স্বাধীনতার ৭৫তম বছরে আমি সেই কক্ষটি পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সেই কক্ষটিকে ভারতীয় মুক্তিযোদ্ধাদের মাজারে পরিণত করতে চাই”।

দিল্লি বিধানসভার স্পিকার রাম নিবাস গোয়েল আরো বলেন যে, দেশের স্বাধীনতার সঙ্গে যুক্ত দিল্লি বিধানসভার ইতিহাসের পরিপ্রেক্ষিতে, তিনি আগামী স্বাধীনতা দিবসের মধ্যেই পর্যটকদের জন্য ফাঁসির কক্ষটি খুলে দিতে চান এবং এর জন্য ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে।

তিনি বলেন, “স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে এই স্থানটির একটি অত্যন্ত সমৃদ্ধ ইতিহাস রয়েছে। পর্যটক এবং দর্শনার্থীরা যাতে আমাদের ইতিহাসের প্রতিচ্ছবি দেখতে পারে সেভাবেই আমরা এটিকে সংস্কার করতে চাই”।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত