নরসিংদীর মনোহরদীতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে রাজমিস্ত্রিসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় সহযোগিতা করতে আসা অপর এক উদ্ধারকারী গুরুতর আহত হন। শুক্রবার দুপুরে উপজেলার চরমান্দালিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মনোহরদীর চরমান্দালিয়া গ্রামের হাসিম মিয়ার ছেলে হাসান মিয়া (৩০) এবং একই এলাকার মিন্টু মিয়ার ছেলে মোবারক হোসেন (১৬)। আহত অপরজনের নাম সজিব মিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মনোহরদীর চরমান্দালিয়া গ্রামের লালু মিয়ার বাড়িতে শুক্রবার দুপুরে একটি নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে ভেতরে নামেন রাজমিস্ত্রি হাসান।
এ সময় ভেতরে জমাট হওয়া দূষিত গ্যাসে অজ্ঞান হয়ে পড়েন তিনি। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তাকে উদ্ধার করতে প্রতিবেশী ইজিবাইক চালক মোবারক হোসেন ভেতরে নামেন। তারও কোনো সাড়া শব্দ না পেয়ে তাদের দুজনকে উদ্ধার করতে ভেতরে নামেন আরেক প্রতিবেশী সজীব।
তিনিও সেখানে অজ্ঞান হয়ে পড়লে এলাকাবাসীর সহায়তার সেপটিক ট্যাংকের ছাদ ভেঙে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোবারক ও হাসানকে মৃত ঘোষণা করেন।
আহত সজীবকে উন্নত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী ভৈরব উপজেলার ভাগলপুর হাসপাতালে নেওয়া হয়।
মনোহরদী থানার ওসি (তদন্ত) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতালের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
