রাজধানীর মোহাম্মদপুরে বাসার ভেতর স্কেটিং সাইকেল চালানোর সময় হাতল পেটে ঢুকে আহত রাফিয়া হাসান ঐষি (১২) মারা গেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিশুর বাবা রাশেদ আহসান মেঘনা গ্রুপের এজিএম (ফিন্যান্স এন্ড একাউন্টস) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে মোহাম্মাদপুর মোহাম্মাদিয়া হাউজিং লিমিটেডের ৬ নম্বর রোডের বাসায় দুর্ঘটনাটি ঘটে।
স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পরেই শিশুটির জরুরী ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছিলো। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
নিহত ঐষি এর মা সনিয়া সুলতানা বলেন, ৪ তলায় বাসার ভেতরেই ছোট ভাই মোহাম্মদ রাইয়ার আহসানের সঙ্গে খেলছিল ঐষি। বাসার ভেতর স্কেটিং সাইকেল চালাচ্ছিলো সে। তখন হঠাৎ সাইকেলটির হাতলের অংশটুকু খুলে যায়। পরে ওই স্টিলের পাইপটি তার পেটে ঢুকে যায়।
দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্কয়ার, পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। স্থানীয় একটি স্কুল থেকে ৫ম শ্রেণি পাশ করেছে ঐষি। বর্তমানে হাফিজিয়ায় পড়তো সে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শিশুটির মৃতেদহ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।
