ওয়ান-ইলেভেনের সঙ্গে জড়িতরা আমার দলে নেতৃত্ব দেন: গয়েশ্বর

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৮ পিএম

বিগত ওয়ান-ইলেভেনের সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে জড়িতরা বিএনপিতে নেতৃত্ব দেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘নাগরিক অধিকার আন্দোলন’র উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব বলেন।

গয়েশ্বর বলেন, ‘ওয়ান-ইলেভেনের সঙ্গে যারা জড়িত প্রত্যক্ষ-পরোক্ষ আমার দলের, তারাই নেতৃত্ব দেন।  সেখানে বইলা আমি দলে বিভাজন ফালাই কেমনে। আমি এটা চাই না।’

তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়া যুদ্ধাপরাধের শামিল।’

বিগত ওয়ান-ইলেভেনের সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের নির্দেশে যৌথ বাহিনী ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে তাদের ক্যান্টনমেন্টের বাসভবন থেকে গ্রেপ্তার করে।

গয়েশ্বর বলেন, ‘স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের জেড ফোর্সের অধিনায়ক, সেক্টর কমান্ডার জিয়াউর রহমান বীর উত্তমের বিরুদ্ধে ক্ষমতাসীনরা কটূক্তি করছে। মুক্তিযুদ্ধের সঙ্গে শুধু জিয়াউর রহমান কেন, যারাই যুদ্ধ করেছেন তাদের সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়া যুদ্ধাপরাধের শামিল। আবার যুদ্ধাপরাধের ট্রাইব্যুনাল চলবে। আমরা চালাব, আমরা চালাব। যুদ্ধের বিরুদ্ধে যারা কথা বলে, যোদ্ধাদের বিরুদ্ধে যারা কথা বলে- এরা তো  স্বাধীনতাই বিশ্বাস করে না, এরা যুদ্ধে বিশ্বাস করে না। ওরা তো আলবদরের চেয়েও ক্ষতিকর। আলবদর তো মাটির নিচে গেছে। রাজাকাররাও কয়েকদিন পর আর থাকবে না।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ যারা দেখেছেন তাদেরও ৩০ বছর পর খুঁজে পাওয়া যাবে না। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিজ কানে শুনছেন এ লোকগুলো ৩০ বছর পর পৃথিবীতে থাকবে না। কিন্তু জাতি লালন করবে সত্য ইতিহাসগুলো। সেই লালনের ক্ষেত্রটা তৈরি করা আপনার-আমার দরকার।’

নাগরিক অধিকার আন্দোলনের উপদেষ্টা বিলকিছ ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ফরিদা ইয়াসমীন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত