শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ, বেকার শ্রমিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিক-কর্মচারীদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানের ফি মওকুফ এবং শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে শিক্ষার্থীদের করোনা টিকা প্রদানসহ ১৫ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে বরিশাল ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জেলা ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়ন, মহানগর দোকান কর্মচারী ইউনিয়নসহ নয়টি শ্রমিক ইউনিয়ন সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।
বরিশাল মহানগর দোকান-কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন দত্তের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর গণফোরাম সভাপতি অ্যাডভোকেট হিরন কুমার দাশ মিঠু, বরিশাল ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদ, নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি মাস্টার আবুল হাসেম, শ্রমিক নেতা আখতার হোসেন, শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন মুকুল, আবুল বাসার আকন, তুষার সেন প্রমুখ।
এ সময় বক্তারা তাদের ১৫ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় দীর্ঘ লকডাউন শেষে অসহায় হয়ে পড়া শ্রমিকদের সামনে জীবন টেনে নিয়ে যেতে যথেষ্ট বেগ পেতে হবে বলে জানান তারা। বিক্ষোভ সমাবেশ শেষে শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা নগরের লাল পতাকা মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
