ভারতে পাচারকালে ৩১ পাসপোর্টসহ তিনজন গ্রেপ্তার

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩০ এএম

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় ৩১টি বাংলাদেশি পাসপোর্টসহ তিন ব্যক্তিকে আটক করেছেন বিজিবি সদস্যরা। গত বৃহস্পতিবার রাতে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলো শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বাগুড়ী গ্রামের শাওন হোসেন জীবন (৩০), বাগআঁচড়া গ্রামের আনিছুর রহমান (৪১) ও ঝিকরগাছা উপজেলার শংকরপুর গ্রামের সায়েদ তুষার (৪০)।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বিপুলসংখ্যক পাসপোর্ট ভারতে নেওয়া হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অবস্থান নেন। পরে ওই তিনজনকে আটক করে সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে শাওনের ব্যাগ থেকে ৭টি পাসপোর্ট, তুষারের ব্যাগ থেকে ১৩টি ও আনিছুরের ব্যাগ থেকে ১১টি পাসপোর্ট জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে রাতেই বেনাপোল পোর্ট থানায় তাদের সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত