আফগানিস্তানে ঐক্যের ক্রিকেট ম্যাচের আয়োজক ছিল তালেবানরা। সেরা ক্রিকেটাররা সেই ম্যাচে খেলেছেন। প্রায় ৮ হাজার দর্শক নিয়ে গ্যালারিও ভরপুর ছিল। আফগানিস্তানের পতাকা ও তালেবান বাহিনীর পতাকা হাতে নিয়ে তারা আনন্দও করেছে।
কাবুল স্টেডিয়ামে শুক্রবার ‘পিস ডিফেন্ডার’ ও ‘পিস হিরোজ’ নামে দুটি দল মুখোমুখি হয়। ম্যাচে আফগানিস্তান জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় অংশ নিয়েছেন। যাদের মধ্যে ছিলেন গুলবদিন নাইব, হাসমতউল্লাহ শহিদী ও রহমত শাহ। ম্যাচ নিয়ে তালেবান কমান্ডার হামজা বলেন, ‘এখানে ক্রিকেট ম্যাচ দেখাটা দারুণ ব্যাপার। আমি নিজেও খেলোয়াড়। একজন অলরাউন্ডার।’ ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে ক্ষমতায় ছিল তালেবানরা। সেই সময় খেলাধুলা নিষিদ্ধ করে মানুষ হত্যার কাজে ব্যবহার করা হতো স্টেডিয়ামগুলোকে। এবার অবশ্য ক্রিকেটের প্রতি ইতিবাচক মনোভাব দেখাচ্ছে তালেবান বাহিনী। শুক্রবারের ম্যাচে পিস ডিফেন্ডাররা ৬২ রানে জয় পেয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি ম্যাচটাকে ‘ঐক্যের প্রতীক’ হিসেবে দেখছেন। যদিও সেই ঐক্যে নারী ক্রিকেট নিষিদ্ধ থাকার সম্ভাবনাই বেশি।
