শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা। সুবাদে সিরিজে ফিরল ১-১ সমতা।
কলম্বোতে শনিবার স্বাগতিক শ্রীলঙ্কাকে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৬৭ রানে হারিয়েছে প্রোটিয়ারা। প্রথম ওয়ানডে ১৪ রানে জিতেছিল লঙ্কানরা।
বৃষ্টি বাধায় ম্যাচটা নেমে এসেছিল ৪৭ ওভারে। টসে জিতে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে শক্ত ভিত এনে দেন ওপেনার জ্যানেম্যান মালান। ১৩৫ বলে ৯ চার ও ১ ছক্কায় খেলেন ১২১ রানের ইনিংস। নবম ওয়ানডেতে এটি তৃতীয় সেঞ্চুরি এই ডানহাতির।
এ ছাড়া রেজা হেনড্রিক্স ৫১ ও হাইনরিখ ক্লাসেন খেলেন ৪৩ রানের ইনিংস। তাতে ৬ উইকেটে ২৮৩ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।
শ্রীলঙ্কার পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট পান দুষ্মন্ত চামিরা ও চামিকা করুনারত্নে।
জয় পেতে হলে নিজেদের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করতে হতো লঙ্কানদের। তবে ২৫ ওভারে শ্রীলঙ্কা ৪ উইকেটে ১১৪ রান করার পর বৃষ্টি হানা দেয়। ২৫ মিনিটের বৃষ্টি বিরতিতে লঙ্কানদের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ২৬৫ রানের। কিন্তু স্বাগতিকরা ৩৬.৪ ওভারে ১৯৭ রানে গুটিয়ে যায়।
তাবরাইজ শামসি ৫ উইকেট তুলে নিয়ে লঙ্কান ইনিংস গুঁড়িয়ে দেন। ২ উইকেট নেন কাগিজো রাবাদা। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান আসে চারিথ আসালঙ্কার ব্যাট থেকে। ম্যাচসেরা হয়েছেন জ্যানেম্যান মালান।
মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
