সাবলেট ভাড়া নিতে এসে ছুরির ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ!

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০২:৩৫ পিএম

সাবলেট হিসেবে রুম ভাড়া নিতে এসে গৃহবধূকে (৩৫) একা পেয়ে ছুরির ভয় দেখিয়ে হাত-পা, মুখ বেঁধে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে ফতুল্লা মডেল থানার তল্লা আজমেরীবাগস্থ মডেল গার্মেন্টস সংলগ্ন একটি ফ্ল্যাটে। ঘটনার ৩দিন পর রবিবার সন্ধ্যায় গৃহবধূ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মহসিনের বিরুদ্ধে মামলা করেন।

অভিযুক্ত মো. মহসিন (২৬) পটুয়াখালী জেলার দক্ষিণ চন্দ্রখালীর গোবখালী গ্রামের মৃত ফজল হকের ছেলে। তিনি ধানমন্ডি স্কয়ার হাসপাতালের ফুড সার্ভার।

মামলায় উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ কোর্টে মহসিনের সাথে পরিচয় হয় গৃহবধূর। এ পরিচয়ের সূত্র ধরে পরিবার নিয়ে থাকার জন্য বাদীর কাছে একটি ফ্ল্যাটের সন্ধান চায় মহসিন। এতে বাদী মহসিনকে বলেন তার ফ্ল্যাটটি অনেক বড় ইচ্ছে করলে সাবলেট হিসেবে থাকতে পারেন।

গৃহবধূর প্রস্তাবে রাজি হয়ে ঘটনার দিন ২ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে ফ্ল্যাট দেখতে যান মহসিন। তখন গৃহবধূ একাই ছিলেন। ফ্ল্যাট দেখা শেষে ছুরির ভয় দেখিয়ে হাত-মুখ বেঁধে ওই নারীকে ধর্ষণ করে পালিয়ে যান মহসিন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ২ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় নারীর ফ্ল্যাটে ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনার পর তার আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করতে বিলম্ব করেছে। তাই ৩দিন পর অভিযোগ পেয়ে প্রাথমিক তদন্ত শেষে মামলা গ্রহণ করেছি। পলাতক মহসিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত