দিনাজপুরে ৪২ সাংবাদিক পেলেন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩১ পিএম

করোনাকালে সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া আর্থিক সহায়তার চেক পেলেন দিনাজপুরের ৪২ জন।

দিনাজপুর প্রেসক্লাবের এম আব্দুর রহিম মিলনায়তনে সোমবার দুপুর ১২টায় চেক বিতরণ করা হয়।

প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলারের সঞ্চালনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

তিনি বলেন, করোনার এই মহামারিতে সাংবাদিকেরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। মৃত্যুর ভয়কে জয় করে সংবাদ প্রকাশ করছেন। বর্তমান পরিস্থিতিতে করোনা মোকাবিলায় সাংবাদিকদের লেখনীর মাধ্যমে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম জোরালো ভূমিকা রাখছে। করোনা মহামারির শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আপামর মানুষের জন্য দেশের ইতিহাসে বৃহত্তম ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন।

আরও বলেন, প্রধানমন্ত্রী করোনাকালে সাংবাদিকদের যেভাবে সহায়তা করেছেন, অন্য কোনো দেশে তা করা হয়নি। সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর সহায়তা বিশ্বে অনন্য।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হ‌ুমায়ূন ফারুক চৌধুরী শামীম, প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হুদা হেলাল প্রমুখ।

পরে ৪২ জন সাংবাদিকের মাঝে ১০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত