রাজধানীর কামরাঙ্গীরচর আচারওয়ালাঘাট এলাকায় ছুরিকাঘাতে সানোয়ার হোসেন (১৮) নামে এক কিশোর খুন হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে আচারওয়ালা ঘাট মধ্য মমিনবাগের মসজিদ গলিতে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টায় মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতাল থেকে নিহত সানোয়ারের বন্ধু হৃদয় আহমেদ, রাহাত, অনিক, ইয়াসিন, জাহাঙ্গীর, আকাশকে আটক করেছে হাসপাতাল ক্যাম্প পুলিশ।
নিহতের স্বজনরা জানায়, কামরাঙ্গীরচর বড়গ্রাম মধ্য ইসলামনগর এলাকার মো. ওমর চানের ছেলে সে। পরিবারের সঙ্গে এলাকার জাবেদের বাড়িতে ভাড়া থাকত। বাবার সঙ্গে মিটফোর্ড এলাকায় মাস্ক বিক্রি করতো সে।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় হৃদয়, অনিক, রাহাতসহ ৬ বন্ধু।
তারা দাবি করেন, ৬ বন্ধু মিলে মধ্য মমিনবাগের মসজিদ গলির মধ্যে আড্ডা দিচ্ছিল। ওই সময় গলিতে বিদ্যুৎ ছিল না। কিছুক্ষণ পর পাশের একটি গলিতে চিৎকার শুনে দৌড়ে সেই গলিতে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সানোয়ার। পরে তাকে হাসপাতালে নিয়ে যায়।
তারা জানায়, স্থানীয় ইন্টার্নেট সার্ভিসের দোকানের কর্মচারী নুরা (১৫) নামে এক কিশোরসহ ১৪-১৫ জন মিলে গলিতে ছিল। মারধর করছিলো তাকে। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।
তবে কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে সে বিষয়ে কিছু জানে না বলে জানায় তারা।
নিহতের চাচা রুবেল ঢালি জানান, সানোয়ার রাত পৌনে ৮টার দিকে বাসা থেকে বের হয়। ঘটনার ১৫ মিনিট আগেই নাশতা করার টাকা চেয়ে নেয় সে। এর কিছুক্ষণ পর তাকে ছুরিকাঘাতের খবর শুনতে পাই।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কামরাঙ্গীরচর থানায় জানানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতাল থেকে নিহতের সঙ্গে থাকা ছয়জনকে আটক করা হয়েছে।
