পুলিশ পরিচয়ে জুয়েলারি মার্কেটে ডাকাতি-লুটপাট

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩২ এএম

আশুলিয়ায় পুলিশ পরিচয়ে জুয়েলারি মার্কেটের ১৮ দোকানে ডাকাতি হয়েছে। ডাকাতরা বাজারের নিরাপত্তাকর্মী ও দোকান কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগে জানা গেছে। গতকাল সোমবার ভোররাতে আশুলিয়ার নয়ারহাট বাজারের জুয়েলারি মার্কেটে এ ডাকাতির ঘটনা ঘটেছে।

বাজারের নিরাপত্তাকর্মীদের ইনচার্জ মো. বাবুল জানান, ‘রাত ১টার দিকে আমি বাজারে টহলরত অবস্থায় দেখতে পাই দুটি স্যালু নৌকাযোগে প্রায় ১০০ লোক বাজারে নামছে। প্রথমে আমি বিষয়টি বুঝতে পারিনি তারা ডাকাত দলের সদস্য। কিন্তু পরে তাদের মধ্য থেকে কয়েকজন ব্যক্তি আমার কাছে এসেই আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করতে থাকে। এরপর আমাকে চোখ বেঁধে একটি অন্ধকার কক্ষে আটকে রেখে তিন ঘণ্টাব্যাপী ডাকাতি করে ভোররাত ৪টার দিকে স্যালুযোগে দক্ষিণ দিকে চলে যায়।’

সাথী জুয়েলারির কর্মচারী সুশান্ত সরকার বলেন, ‘রাত দেড়টার দিকে আমাদের গেটের তালা খোলার শব্দ পাই। আমি কে জিজ্ঞেস করলে তারা জানায় আমরা পুলিশের লোক। কথা শেষ না হতেই শাটার খুলে তারা ভেতরে প্রবেশ করে আমাদের দোকানে থাকা দুজনকে মারধর করে হাত বেঁধে রেখে চাবি নিয়ে নেয়। পরে ছয়জন ডাকাত দোকানে থাকা ১ লাখ ২৪ হাজার টাকা, ১৬ ভরি স্বর্ণ এবং ৩৫ ভরি রুপা নিয়ে যায়। ডাকাতরা আমাদের তিন ঘণ্টা অন্য একটি অন্ধকার কক্ষে আটকে রাখে। সেখানে প্রায় ২৫ জনের মতো লোককে আটকে রেখেছিল। ডাকাতদের সবার হাতে আগ্নেয়াস্ত্র ছিল।’

ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, ‘রাতে বেশ কয়েকটি স্বর্ণের দোকানে ডাকাতির খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত করেছে। আমিও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে বিষয়টি জানার চেষ্টা করেছি। যারাই এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে মামলাসহ অপরাধীদের গ্রেপ্তারে যা যা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত