রোদে পুড়ছে পুরো এলাকা। খরা কাটাতে বৃষ্টির জন্য হাঁসফাঁস। শেষমেশ বৃষ্টির আশায় কমপক্ষে ছয়জন কিশোরীকে নগ্ন করে গ্রামে ঘোরালেন গ্রামবাসী।
ভারতের মধ্যপ্রদেশের দামো জেলার বানিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আনন্দবাজার।
এ ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন (এনসিপিসিআর)। জেলা প্রশাসনের কাছ থেকে এ সম্পর্কে রিপোর্ট চাওয়া হয়েছে।
দামোর পুলিশ সুপার ডিআর তেনিয়ার জানিয়েছেন, বৃষ্টির আশায় স্থানীয় রীতি হিসেবে কয়েকজন কিশোরীকে নগ্ন করে ঘোরানোর খবর পুলিশের কাছে এসেছে। ঘটনাটি ঘটেছে রবিবার।
তিনি বলেন, ‘পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জোর করে ওই কিশোরীদের নগ্ন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ সুপার আরও জানান, স্থানীয়দের মধ্যে বৃষ্টি নিয়ে কিছু ধর্মীয় বিশ্বাস রয়েছে। এই বিশ্বাস অনুযায়ী, কমবয়সী মেয়েদের নগ্ন করে ঘোরানো হয়। বড়রা ভজন গাইতে গাইতে তাদের সঙ্গে ঘোরেন। তারা মনে করেন, এতেই সন্তুষ্ট হবেন বৃষ্টির দেবতা।
দামোর জেলা প্রশাসক এস কৃষ্ণ চৈতন্য শিশু কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, ওই মেয়েদের বাড়ির লোকও এই ঘটনার সঙ্গে জড়িত।
