মেহেদি লাগানোর পর হাতে ফোস্কা, প্রস্তুতকারককে লাখ টাকা জরিমানা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১২:৪০ এএম

মেহেদি ব্যবহারের পর হাতে ফোস্কা পড়ায় মানিকগঞ্জে মেহেদি প্রস্তুতকারক একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার ‘তাসমিয়া কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেড’ নামে ওই প্রতিষ্ঠানের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়। এর আগে অনন্যা আলম নামে এক নারী ওই প্রতিষ্ঠানের প্রস্তুতকৃত ‘স্মার্ট অ্যাকটিভ মেহেদী’ ব্যবহার করে দুই হাতে ফোস্কা পড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। আইন অনুযায়ী, অভিযোগকারী নারীকে জরিমানার ২৫ শতাংশ অর্থ প্রদান করা হয়।

ভোক্তা অধিকারের মানিকগঞ্জ জেলা সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, গত ৩১ আগস্ট ওই নারী লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর ‘স্মার্ট অ্যাকটিভ মেহেদীর’ উৎপাদনকারী ও পরিবেশক তাসমিয়া কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেড এবং অভিযোগকারীর উপস্থিতিতে প্রথম দফায় শুনানি হয়। পরে ভোক্তা অধিকারের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নির্দেশে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে গতকাল দুপুরে দ্বিতীয় দফা শুনানির জন্য ডাকা হয়। শুনানিতে প্রতিষ্ঠানটির প্রতিনিধি এই অনাকাক্সিক্ষত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভুক্তভোগীর চিকিৎসা ব্যয় বহন করতে সম্মত হন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী আরোপিত জরিমানার ২৫ শতাংশ অর্থ অভিযোগকারী অনন্যা আলমের হাতে তুলে দেন জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত