মারা গেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া। গত বেশ কিছুদিন ধরে বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মুম্বাইয়ের হীরানন্দানি হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসা চলছিল অরুণার।
বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় মায়ের মৃত্যু সংবাদ প্রকাশ করেন অক্ষয়।
তিনি লেখেন, ‘‘আমার মা অরুণা ভাটিয়া আজ সকালে আমাদের ছেড়ে গেছেন। মা আমার অস্তিত্বের শিকড় ছিলেন। এই বেদনা আমি সহ্য করতে পারছি না। আপনাদের প্রার্থনা আমার পাথেয়।’’
মাকে দেখতে শুটিং ছেড়ে সোমবার ব্রিটেন থেকে ফেরেন অক্ষয়। তখন লেখেন, ‘‘খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনাদের প্রত্যেকের প্রার্থনা আমার এবং আমার পরিবারের কাছে গুরুত্বপূর্ণ।’’
ব্রিটেনে ‘মিশন সিন্ডারেলা’র শুটিং করছিলেন অক্ষয়। মায়ের অসুস্থতার খবর পেয়ে আচমকাই ভারতে ফিরে আসেন।
দিন কয়েক আগেই ‘মাদারস ডে’ উপলক্ষে ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছিলেন অভিনেতা। মাকে জড়িয়ে ধরে তোলা ওই সেলফির বিবরণে লেখেন, ‘মায়ের মতো আর কেউ নেই।’
লন্ডন থেকে ফিরলেও শুটিং যাতে বন্ধ না হয় সে ব্যাপারে প্রযোজকের সঙ্গে কথা বলে এসেছিলেন অক্ষয়। তিনি বলেছিলেন, অন্যদের দৃশ্যগুলো যেন এ সময়ে শেষ করা হয়।
