স্বীকৃতির জন্য তালেবানকে কিছু শর্ত দিয়েছে চীন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৬:৩৪ পিএম

তালেবান ঘোষিত নতুন আফগান সরকারকে স্বীকৃতি এবং সহায়তার জন্য তালেবানদেরকে কিছু শর্ত দিয়েছে চীন। জিয়ানলি ইয়াং নামে চীনের এক সরকারবিরোধী এই খবর দিয়েছেন। তবে শর্তগুলির সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। খবর: টাইমস অফ ইন্ডিয়া।

ওয়াশিংটন টাইমসে প্রকাশিত একটি মতামতে চীনের নাগরিক শক্তি উদ্যোগের প্রতিষ্ঠাতা এবং সভাপতি জিয়ানলি বলেন, ‘আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতি পর্যালোচনায় চীনের নিজস্ব স্বার্থই সবার আগে থাকবে। আফগানিস্তানের সংস্কারে চীনের কোনো আগ্রহ নেই এবং শক্তিও নেই’।

আফগানিস্তানে চীনের অনেক স্বার্থ রয়েছে, কারণ চীনের উন্নয়ন প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) এই দেশটির মধ্য দিয়ে যাবে। চীন দেশটিতে তার বহু বিলিয়ন ডলারের বিআরআই প্রকল্প সম্প্রসারণের সুযোগ দেখছে।

চীন গত শুক্রবার বলেছে যে, তালেবান নেতারা বিআরআইকে সমর্থন করে এবং বিশ্বাস করে যে চীনের প্রকল্পগুলি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য ভাল।

তালেবানরাও চীনকে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে বর্ণনা করেছে এবং বলেছে যে, চীন তাদের দেশে বিনিয়োগ এবং অর্থনীতি পুনর্গঠনের জন্য প্রস্তুত।

মানবাধিকারের বিষয়গুলো তুলে ধরে জিয়ানলি বলেন, ‘মানবাধিকার এবং নারীর অধিকারের মতো বিষয় চীনের অগ্রাধিকার তালিকায় নেই’।

মঙ্গলবার তালেবানরা আফগানিস্তানে একটি অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে। চীন এখনো আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে চীন তালেবান সরকারকে স্বাগত জানিয়ে বলেছে এর মাধ্যমে আফগানিস্তানের গত তিন সপ্তাহের বেশি সময়ের বিশৃঙ্খল পরিস্থিতির অবসান হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত