মুজিববর্ষ প্রথম মহিলা দাবা লিগ উদ্বোধন করলেন পুনাক সভানেত্রী

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১০:২৫ পিএম

আকিজ সিরামিকসের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মুজিববর্ষ প্রথম মহিলা দাবা লিগ বাংলাদেশ দাবা ফেডারেশনের হল রুমে শুরু হয়েছে।

বুধবার বিকেলে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা প্রধান অতিথি হিসেবে মুজিববর্ষ প্রথম মহিলা দাবা লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তৃতায় জীশান মীর্জা বলেন, দাবা খেলা 'গেইম অব ব্রেইন'। এর মাধ্যমে বুদ্ধির সঠিক প্রয়োগ হয়, আত্মবিশ্বাস বাড়ে। মানসিক হতাশা থেকে দূরে থাকা যায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, যুগ্ম-সম্পাদক এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত ডিআইজি রখফার সুলতানা খানম এবং আকিজ সিরামিকসের সিনিয়র মার্কেটিং ম্যানেজার আবু জুবায়ের মোহাম্মদ রাসেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহিলা দাবা কমিটির চেয়ারম্যান আঞ্জুমান আরা আকসির।

এ ছাড়া বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি কে এম শহিদ উল্যা, যুগ্ম-সম্পাদক মাসুদুর রহমান মল্লিক, কার্যনির্বাহী সদস্য ও মহিলা দাবা কমিটির সদস্যসচিব মিসেস মাহমুদা হক চৌধুরী মলি, কার্যনির্বাহী সদস্য আলাউদ্দিন সাজু এবং কার্যনির্বাহী সদস্য সজল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আন্তর্জাতিক মাস্টার মিসেস রানী হামিদকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়।

উল্লেখ্য, মহিলা দাবা লিগ একটি দলগত দাবা ইভেন্ট। প্রথম মহিলা দাবা লিগে- বাংলাদেশ পুলিশ, শাহিন চেস ক্লাব, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব, বাংলাদেশ নৌ বাহিনী, তিতাস ক্লাব, শেখ রাসেল চেস ক্লাব, সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব, রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ, সুলতানা কামাল স্মৃতি পাঠাগার ও বসির মেমোরিয়াল চেস ক্লাব অংশগ্রহণ করবে।

এ ছাড়া লিগে বিভিন্ন দলের পক্ষে বাংলাদেশের দুজন আন্তর্জাতিক মহিলা ও পাঁচজন মহিলা ফিদে মাস্টারসহ দেশের শীর্ষস্থানীয় মহিলা দাবা খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন।

লিগের খেলা রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। মুজিববর্ষ প্রথম মহিলা দাবা লিগের চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয় স্থান অধিকারী দলকে অর্থ পুরস্কার, ট্রফি ও মেডেল প্রদান করা হবে। চ্যাম্পিয়ন দল ৫০ হাজার টাকা, রানার আপ দল ৩০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী দল ২০ হাজার টাকা পুরস্কার পাবে ।

এ ছাড়া, প্রত্যেক বোর্ডে পারদর্শিতার ওপর ভিত্তি করে খেলোয়াড়দের বোর্ড পুরস্কার দেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত