ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘শিক্ষার জন্য সুস্থ পরিবেশ’ বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তিন দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
গতকাল বুধবার সকালে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে ডিএনসিসির তিন দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র আতিকুল বলেন, ‘ডিএনসিসির পক্ষ থেকে সরকারি, বেসরকারি ও আধাসরকারি প্রাথমিক, মাধ্যমিক এবং কলেজসহ ৪৪৩টি প্রতিষ্ঠানে ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর এই তিন দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে গণটিকার আওতায় কভিড-১৯-এর দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে সেগুলোতে ১১ সেপ্টেম্বর বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।’
