গার্মেন্টসের চাকরির খোঁজে বের হয়ে যৌনপল্লী চক্রের খপ্পরে গৃহবধূ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১১:১৪ এএম

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লী থেকে পুলিশ নিখোঁজ এক গৃহবধূকে (২০) যৌথ অভিযানে উদ্ধার করেছে। তার বাড়ি গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায়।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও বাসন থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ১০টায় পল্লীর ভেতর থেকে শিরিন বাড়িওয়ালীর বাড়ি থেকে তাকে উদ্ধার করে।

উদ্ধার হওয়া সেই গৃহবধূ জানায়, তাকে দিয়ে শিরিন বাড়িওয়ালী জোরপূর্বক দেহ ব্যবসা করিয়েছে।

তবে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত বাড়িওয়ালী শিরিন বা অন্য কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, নিখোঁজ গৃহবধূ টানাপোড়েনের সংসারে  সহযোগিতার উদ্দেশ্যে গার্মেন্টসে চাকরি জন্য বাসা থেকে বের হলে গত মাসের ১১ তারিখ নিখোঁজ হন। এরপর পাচারকারী চক্রের খপ্পরে পড়েন।

তিনি বলেন, ‘এ ঘটনায় তার স্বামী গত মঙ্গলবার বাসন থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। তার স্ত্রী পাচারকারীরা দৌলতদিয়া যৌনপল্লীতে আটকে রেখেছে বলে আমাদের জানান।’

ফারুক হোসেন বলেন, ‘আমাদের থানার ওসি মো. মালেক খসরু গোয়ালন্দ ঘাট থানার ওসির সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে সহযোগিতা চান। সেই অনুযায়ী আমি ফোর্সসহ গোয়ালন্দের দৌলতদিয়ায় পৌঁছাই।’

তিনি বলেন, পরে সেখানে থাকা গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দলের সঙ্গে যোগ দিয়ে পল্লীর শিরিন বাড়িওয়ালীর বাড়িতে অভিযান চালিয়ে একটি ঘর থেকে তাকে উদ্ধার করি।

তবে এ সময় বাড়িওয়ালী সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় বাসন থানায় মানবপাচার আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ফারুক হোসেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, বাসন থানা এবং আমাদের থানা পুলিশের একটি টিমের যৌথ প্রচেষ্টায় ওই গৃহবধূকে পল্লী থেকে উদ্ধার করা হয়।

তিনি বলেন, আসামি গ্রেপ্তারের ক্ষেত্রেও আমাদের সহযোগিতা লাগলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত