সেলিমের ছবি ছাড়লেন ফারিয়া, পরীমণিকে নিয়ে জল্পনা!

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৪ পিএম

সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। কিন্তু চুক্তির কয়েক দিন না যেতেই সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নিলেন ফারিয়া।

ফারিয়া বলেন, শিডিউলজনিত একটা কারণে এই সিনেমা থেকে সরে দাঁড়াতে হলো। আসলে সময়টা মিলছে না। ওনাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা করতে হবে। এই সিনেমাটি না করতে পারাটা দুর্ভাগ্যজনক বিষয়।

গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘শরিফুল রাজের দুর্ঘটনার কারণে আমরা শুটিংটা এক সপ্তাহ পেছাতে বাধ্য হলাম। দুর্ঘটনার ওপর তো কারও হাত নেই। কিন্তু সেটি পেছানোর কারণে ফারিয়া পড়ে গেল নতুন জটিলতায়। ওর কাজটি দেশের বাইরে। ফলে আমরা যৌথভাবেই চুক্তি ভাঙার সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে নুসরাত ফারিয়া সরে যাওয়ায় নতুন নায়িকা কে হবে? তা নিয়ে এখনো কারও নাম প্রকাশ করেনি প্রযোজনা সংস্থা। তবে শোনা যাচ্ছে, এই সিনেমায় পরীমণি অভিনয় করতে পারেন। পরিচালক বলেন, পরীমণিকে নিয়ে কাজ করার ইচ্ছে আছে, কিন্তু এ বিষয়ে প্রযোজক বা পরীমণি কারও সঙ্গেই কোনো কথা হয়নি। ফলে এখনই কোনো সিদ্ধান্তে আসতে পারছি না। এর জন্য অপেক্ষা করতে হবে।

প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘গুনিন’ ছোটগল্প অবলম্বনে এই চলচ্চিত্র বানানো হবে। এটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে। এর আগে ফারিয়া ছাড়াও এই চলচ্চিত্রের অভিনয়শিল্পী হিসেবে চুক্তিবদ্ধ হন ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালাম, এবং ‘নেটওয়ার্কের বাইরে’খ্যাত অভিনেতা শরীফুল রাজ।

এদিকে ফারিয়া অংশ নিয়েছেন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। যেখান ফারিয়ার সহশিল্পী হিসেবে পেয়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে।

২০১৫ সালে ‘আশিকী’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে রূপালি জগতে পা রাখেন নুসরাত ফারিয়া। এরপর ‘ধ্যাত্তেরিকি’, ‘শাহেনশাহ’, ‘হিরো ৪২০’ সহ বেশ কিছু সিনেমায় কাজ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত