সিরাজগঞ্জে নৌকাডুবিতে ২ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ০১:৩০ এএম

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত একটি নৌকাডুবির ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত নিখোঁজ ছিলেন আরও পাঁচজন। এর আগে বিকেল ৪টার দিকে সোদিয়াচাঁদপুর ইউনিয়নের এনায়েতপুর নৌকাঘাটে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন জামালপুরের ইসলামপুর উপজেলার পাতাসী পাঁচশিরা গ্রামের জহির উদ্দিনের স্ত্রী ছিলিমন বেগম (৬০) ও একই জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ফরমা মধ্যপাড়া গ্রামের জব্বার আলীর স্ত্রী ফুলজান বেগম (৫০)। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা মিলে লাশ দুটি উদ্ধার করে।

এনায়েতপুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন মোল্লা ও বেলকুচি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রফিকুল ইসলাম জানান, এনায়েতপুর খাজা ইউনুস আলী (র.)-এর দরবার শরিফের ২০২২ সালের বার্ষিক ওরস উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাঁশ সংগ্রহ করে ৭৫ যাত্রী নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত নৌকাটি এনায়েতপুর নৌকা ঘাটের কাছে পৌঁছালে যমুনা নদীর পানির ঘূর্ণিস্রোতে পড়ে ডুবে যায়। সঙ্গে সঙ্গেই নৌকা নিয়ে বেশ কয়েকজনকে উদ্ধার করেন স্থানীয়রা। অনেকে আবার সাঁতরে তীরে ওঠে গেলেও সাতজন নিখোঁজ হন। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খোঁজাখুঁজির পর দুই নারীর লাশ উদ্ধার করেন। নিখোঁজরা হলেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ফরমা গ্রামের তোতা মিয়ার ছেলে জাহিদ হোসেন (৪), ওমর আলীর স্ত্রী সুখি বেগম (৫০), মিন্টুর স্ত্রী হেলেনা খাতুন (৩০) ও তার ছেলে ইয়াসিন (৬) ও আবদুস সাত্তার (৬০)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত