আফগানিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা হতেই নেতৃত্ব ছাড়লেন রশিদ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ০২:১৮ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তানের দল ঘোষণা হওয়ার আধ ঘণ্টা সময়ের মধ্যেই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন রশিদ খান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় রশিদ বলেছেন, নির্বাচক কমিটি এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড দল নির্বাচনে তার মতামত নেয়নি।

ক্রিকইনফো তাদের প্রতিবেদনে লিখেছে, এ অবস্থায় বিশ্বকাপে আফগানদের নেতৃত্ব দিতে পারেন অলরাউন্ডার মোহাম্মদ নবী।

টুইট বার্তায় রশিদ লিখেন, ‘অধিনায়ক হিসেবে দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই আমার দল নির্বাচনে অংশ নেওয়ার অধিকার আছে। আফগানিস্তান বোর্ডের পক্ষে যে দল ঘোষণা করা হয়েছে, তার জন্য নির্বাচকেরা বা বোর্ড আমার সম্মতি নেয়নি।’

এরপরই রশিদের ঘোষণা, ‘আফগানিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব থেকে আমি পদত্যাগ করছি, যা কার্যকর হচ্ছে এই মুহূর্ত থেকেই।’

রশিদ তার বার্তা শেষ করেছেন এভাবে, ‘আফগানিস্তানের হয়ে খেলা সব সময়ই আমার জন্য গর্বের।’

আফগানিস্তান অবশ্য চূড়ান্ত দল দেয়নি। ১৮ সদস্যের দল দিয়েছে তারা। পরে যেটি নামিয়ে আনা হবে ১৫ জনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত