রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরে প্রাইভেটকার চাপায় স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় পালিয়ে যাওয়া চালককে আটক করেছে পুলিশ।
শুক্রবার সাড়ে ১১টার দিকে চালক মো. শাকিলকে আটক করা হয় বলে জানিয়েছেন ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহান হক।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ইসিবি চত্বরে গাড়িচাপায় আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের দশম শ্রেণীর ছাত্র শান্ত হাসান নিহত হয়।
জানা গেছে, ঘটনাস্থলের কাছাকাছি ওই গাড়ির চালক একটি দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় পথচারীরা গাড়িটিকে ধরার জন্য ধাওয়া দেন।
এ সময় দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় গাড়িটি শান্তকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর তার সহপাঠীরা ওই এলাকায় সড়কে অবস্থান নিয়ে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ করে দেয়। শুক্রবার সকালেও তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
