৩৯ বছরের চাকরিজীবন শেষ করে সহকর্মীদের ব্যতিক্রমধর্মী ভালোবাসায় সিক্ত হলেন টাঙ্গাইলের মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার কনস্টেবল মো. মুজিবুর রহমান। নিজের কর্মস্থলকে বিদায় জানিয়ে বাড়ি ফিরলেন ফুলসজ্জিত ওসির গাড়িতে করে।
মুজিবুর রহমান গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দারিয়াপুর গ্রামের মৃত সোনামুদ্দিনের ছেলে। ১৯৮২ সালের আগস্টে পুলিশ কনস্টেবল পদে যোগদান করেন। গত বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা কর্মস্থল থেকে অবসরে যান তিনি।
বিদায় বেলায় মুজিবুর রহমানকে ফুলের মালা পরিয়ে ফুলসজ্জিত ওসির গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়। চাকরি শেষে সহকর্মীদের এমন ভালোবাসা পেয়ে মুজিবুর রহমানসহ উপস্থিত সবাই কান্নায় ভেঙে পড়েন। ফুলসজ্জিত গাড়িতে মুজিবুর রহমান তার গ্রামের বাড়ি দারিয়াপুরে পৌঁছলে গ্রামের লোকজন তাকে অভিনন্দন জানাতে গাড়ির কাছে ভিড় জমায়।
হাইওয়ে থানার ওসি মো. আজিজুল হক বলেন, মুজিবুর রহমান শেষ কর্মদিবস পর্যন্ত ন্যায়, নিষ্ঠা ও সততা নিয়ে কাজ করেছেন। পুলিশ বাহিনীর পক্ষ থেকে তাকে সামান্য উপহার দিয়ে বিদায় জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
