আইভরিকোস্টে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪৫ পিএম

আইভরিকোস্টের উত্তরাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে।

শুক্রবার সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। খবর এএফপি’র।

সেনাবাহিনী জানায়, মিগ-২৪ নামের একটি হেলিকপ্টার এ বিধ্বস্ত হয়। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবারের কোনো এক সময়ে এ মর্মান্তিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে।

এক বিবৃতিতে বলা হয়, টোগোলোকায়ির কাছে বুরকিনাফাসোর সঙ্গ লাগোয়া দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তে এ হেলিকপ্টারের সাহায্যে পর্যবেক্ষণ মিশন চালানো হচ্ছিল।

এতে বলা হয়, ওই হেলিকপ্টারে থাকা সবাই প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

আইভরিকোস্টের সামরিক বাহিনী কয়েকবার সন্দেহভাজন জিহাদিদের হামলার শিকার হয়েছে। বিশেষ করে বুরকিনাফাসো সীমান্তে তারা এসব হামলার কবলে পড়ে।

গত জুনে টোগোলোকায়ি অঞ্চলে শক্তিশালী এক বিস্ফোরণের ঘটনায় তাদের দুই সেনা ও ফ্রান্সের এক সৈনিক প্রাণ হারান।

এর আগে ২০২০ সালের জুনে কাফোলোতে এক হামলায় ১৪ সেনা নিহত হন। একই এলাকায় গত মার্চে চালানো আরেক হামলায় তিন সেনা প্রাণ হারান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত