সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে এক লাখ অনলাইন অ্যাক্টিভিস্টের সমন্বয়ে একটি প্ল্যাটফর্ম তৈরির কাজ করছে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি। এ লক্ষ্যে সারা দেশে অনলাইন অ্যাক্টিভিস্টদের জন্য প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করছে তারা।
গতকাল শনিবার এই প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্গত থানাগুলোর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদকদের নিয়ে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) কাউন্সিল হলে ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার কৌশল’ শীর্ষক কর্মশালা আয়োজন করা হয়। এ প্রশিক্ষণ কর্মশালায় সার্বিক সহযোগিতা প্রদান করে আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।
প্রসঙ্গত, গত শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভায় দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে গুজব ও অপপ্রচার রোধে কাজ করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন। এরই মধ্যে নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে ক্ষমতাসীন দলটি।
প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।
তিনি বলেন, ‘আমরা সারা দেশে ইতিমধ্যে ৬৯টি কর্মশালা সম্পন্ন করেছি, আজ ৭০তম কর্মশালা চলছে। আমাদের লক্ষ্য হলো জেলা পর্যায়ে ১০ হাজার মাস্টার ট্রেইনার তৈরি করা। আর এই মাস্টার ট্রেইনাররা তৃণমূল পর্যায় পর্যন্ত এক লাখ অনলাইন অ্যাক্টিভিস্ট তৈরি করবে। প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যেন আগামী দিনে কোনো প্রকার গুজব অপপ্রচারের মাধ্যমে আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত না করতে পারে সেই লক্ষ্যে কাজ করবে এই অনলাইন অ্যাক্টিভিস্টরা।’
সিআরআইর কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার তন্ময় আহমেদ বলেন, ‘সারা দেশে আমাদের এই প্রশিক্ষণ কর্মশালা চলমান রয়েছে। এর অংশ হিসেবে আজ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদকদের নিয়ে কর্মশালা করা হচ্ছে। আগামীতে এই কর্মশালা ওয়ার্ড পর্যায়েও করা হবে।’
বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর বলেন, ‘দেশের উন্নয়নকে চলমান রাখতে সরকারের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপকভাবে কাজ করতে হবে। সঠিক তথ্য দ্রুততম সময়ের মধ্যে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।’
উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুরের সভাপতিত্বে এবং উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. রনক আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. নজমুল আলম ভূঁইয়া জুয়েল ও মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন সিআরআইর কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার তন্ময় আহমেদ।
