নাসিকের ৩৪ ঠিকাদার কোটি কোটি টাকা লুট করেছে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫৩ পিএম

‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কি শুধুমাত্র ৩৪ ঠিকাদার সিন্ডিকেটের? এই সিন্ডিকেট বিগত ১৮ বছরে সরকারের কোটি কোটি টাকা লুটপাট করেছে। উন্নয়নের নামে দুর্নীতির মাধ্যমে টোকাই থেকে কোটিপতি হয়েছে। এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। মেয়রকে জনতার কাতারে আনতে হবে।’

নারায়ণগঞ্জ মহানগর আ. লীগের এক কর্মিসভায় মহানগর আ. লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা এসব কথা বলেন।

শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে নগরীর গলাচিপা রূপার বাড়ি এলাকায় ১৩নং ওয়ার্ড আ. লীগ আয়োজিত কর্মিসভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

খোকন সাহা বলেন, `উন্নয়ন যা হয় তা কে করে? শেখ হাসিনা টাকা দেন, সরকার টাকা দেয় এরপরই উন্নয়ন হয়। একটা জিনিস মনে রাখবেন, যে যত উন্নয়ন করুক না কেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে তা করতে পারছেন।‘

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের কিছু নেতানেত্রী ‘আমিত্ব’ ভাবের রাজনীতি করেন। শুধু বলে আমি করেছি। এই রাজনীতি বাদ দিয়ে মানুষের পাশে এসে দাঁড়াতে হবে।

মহানগর আ. লীগের সহসভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে কর্মিসভায় আরও উপস্থিত ছিলেন, মহানগর আ. লীগের সিনিয়র সহসভাপতি চন্দন শীল, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল নিপু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত