ক্লাসরুম সংকট থাকায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অর্থনীতি বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে গত ৫ সেপ্টেম্বর সশরীরে পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়।
অর্থনীতি বিভাগের চেয়ারম্যান জুবাইদুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের ১ সেমিস্টারের সব শিক্ষার্থীদের আগামী ১৫ তারিখ থেকে সব সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মামুন বলেন, গত দুবছর ক্লাস-পরীক্ষা না হওয়ার পরও আমরা পরকক্ষা দিতে পারছি না। আমরা হতাশ, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ক্লাসরুম সংকট থাকায় পরীক্ষা দিতে পারব না এটা মোটেই কাম্য নয়।
তিনি বলেন, আমাদের দুটি ক্লাসরুম ছিলো। কিন্তু বর্তমানে দুটি ক্লাসরুমই প্রশাসনিক কাজে ব্যবহার হচ্ছে। আমাদের রুম দেওয়ার বিষয়ে প্রশাসন যে দ্রুত পদক্ষেপ নেয় এটাই চাওয়া আমাদের।
এ বিষয়ে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান জুবাইদুর রহমান বলেন, ক্লাস রুম সংকট থাকায় পরীক্ষা বাতিল করা হয়েছে। ইতিমধ্যে ক্লাসরুমের সংকটের বিষয়ে রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদনও দিয়েছি তাদের উত্তরের প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
