খিলক্ষেত থানার কর্মী সম্মেলনে পুলিশের হামলা ও গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্যসচিব আমিনুল ইসলাম।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সোমবার তারা প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, খিলক্ষেত থানার ১৭ নম্বর ওয়ার্ডের শান্তিপূর্ণ কর্মী সম্মেলন ও তথ্য ফরম বিতরণ অনুষ্ঠানে ফ্যাসিস্ট সরকারের পেটোয়া পুলিশ উপস্থিত হয়ে মহানগর উত্তর বিএনপির সদস্য মাহফুজুর রহমান, সদস্য আলাউদ্দিন সরকার টিপু, খিলক্ষেত থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, প্রচার সম্পাদক ইয়াসির আরাফাত, থানা বিএনপি নেতা নাসির উদ্দিন, মনির হোসেন, মাহফুজ বাবু, লিটন, রাসেলসহ ১০ জনকে গ্রেপ্তার করে। পুলিশের এহেন নগ্ন হস্তক্ষেপ ও গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার বিএনপি ও তার জনসমর্থনকে ভয় পায়। তাই কর্মী সম্মেলন ও তথ্য ফরম বিতরণের মতো কর্মসূচিতেও আতঙ্কগ্রস্ত। তাই এ সব কর্মসূচিতে বাধা দেয়। এই অবৈধ সরকার তাই বিএনপির সাংগঠনিক কর্মসূচির বিপরীতে গ্রেপ্তার কর্মসূচি শুরু করেছে। আজকের গ্রেপ্তারও তারই ধারাবাহিকতা। এই অবৈধ গ্রেপ্তার, ভয় দেখিয়ে বিএনপিকে দমিয়ে রাখা সম্ভব হবে না। বরং ঢাকা মহানগর উত্তর বিএনপি তার সাংগঠনিক কর্মসূচি সফল করতে বদ্ধপরিকর ও অঙ্গীকারবদ্ধ ।
অবিলম্বে গ্রেপ্তারদের নিঃশর্ত মুক্তি দাবি করে দুই নেতা বলেন, অন্যথায় এই গ্রেপ্তারের প্রতিবাদে উদ্ভূত যে কোনো পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবে।
