কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ন্যাপ ও স্বতন্ত্র প্রার্থীরা।
সোমবার দুপুরে কুমিল্লা সদর আসনের সাংসদ ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারকে সাথে নিয়ে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদারের নিকট মনোনয়ন পত্র জমা দেন নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যাপক প্রাণ গোপাল দত্ত।
এ ছাড়া এই আসনে নির্বাচনের জন্য আরও তিন প্রার্থী তাঁদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকী ও ন্যাপ এর প্রার্থী মো. মনিরুল ইসলাম ও জাতীয় পার্টির লুৎফুর রেজা খোকন।
নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যাপক প্রাণ গোপাল দত্তের মনোনয়ন পত্র জমা দেয়ার সময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার, চান্দিনা উপজেলা চেয়ারম্যান তপন কুমার বক্সি, সাবেক এমপি মরহুম আলী আশ্রাফের ছেলে মুনতাকিম আশরাফ টিটু, কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল, দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহ নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র জমা দেয়ার পর এক প্রতিক্রিয়া অধ্যাপক প্রাণ গোপাল দত্ত প্রয়াত সাংসদ অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, আমি প্রয়াত সাংসদ অধ্যাপক আলী আশরাফের অসমাপ্ত কাজগুলো শুরু করব। পুরো চান্দিনার সবাই ঐক্যবদ্ধ। নৌকার বিজয় মানে চান্দিনাবাসীর বিজয়। এ লক্ষ্যে সবাই কাজ করছে।
উল্লেখ্য, চান্দিনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৭ আসনের টানা তিন মেয়াদসহ ৫ বারের এমপি ছিলেন অধ্যাপক আলী আশরাফ। গত ৩০ জুলাই তার মৃত্যুতে শূন্য হয় আসনটি। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ৭ অক্টোবর এ আসনে ভোট গ্রহণ হবে।
