স্বাধীনতা কাপ ছাড়াই শেষ হচ্ছে ফুটবল মৌসুম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০২:০১ এএম

ফেডারেশন কাপ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করেই ২০২০-২১ ফুটবল মৌসুমের ইতি টেনে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। করোনা ও সময় স্বল্পতার কারণে ফুটবল পঞ্জিকা মেনে তিনটি আসর আয়োজন করতে পারেনি বলে জানিয়েছে বাফুফে। শিরোপা নিষ্পত্তি হয়ে গেলেও লিগের এখনো তিনটি খেলা বাকি। এএফসি কাপে খেলার কারণে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস লিগের বাকি তিন ম্যাচ খেলবে ২০ সেপ্টেম্বরের মধ্যে, যার প্রথমটি আজ সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। এই তিন ম্যাচের পরই শেষ হয়ে যাবে মৌসুম। তবে এ বছর শেষ দিকে স্বাধীনতা কাপ দিয়ে পরের মৌসুম শুরুর পরিকল্পনা আছে বাফুফের।

সর্বশেষ ২০১৮ সালে হয়েছিল মর্যাদার এই আসর। সেবার শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে শিরোপা জিতেছিল বসুন্ধরা কিংস। এরপর ২০১৯ সালে আলোর মুখ দেখেনি আসরটি করোনার কারণে ২০১৯-২০ মৌসুম বাতিল হয়ে যাওয়ায়। এ বছর ফেডারেশন কাপ দিয়ে মৌসুম শুরুর পর স্বাধীনতা কাপ না করেই লিগ শুরু করে বাফুফে। যা বারবার বাধাগ্রস্ত হয়ে শেষ হতে চলছে ২০ সেপ্টেম্বর। গতকাল বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির প্রধান আব্দুস সালাম মুর্শেদী জানালেন স্বাধীনতা কাপ আয়োজন না করতে পারার কারণ, ‘মূলত কভিড-১৯ এর কারণে সময় করে ওঠা যায়নি বলে স্বাধীনতা কাপ আয়োজন সম্ভব হয়নি। তাই আমরা আগামী মৌসুম শুরু করব স্বাধীনতা কাপ দিয়ে। নির্বাহী কমিটির ১৬ সেপ্টেম্বরের সভায় আলোচনা করে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত  নেব।’

করোনার কারণে এ বছরের লিগের বেশির ভাগ ম্যাচ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত হয়েছে। আগামী মৌসুমের ম্যাচগুলো পাঁচ থেকে ছয়টি ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। এ মৌসুমে অবশ্য বঙ্গবন্ধু স্টেডিয়াম না পাওয়ার সম্ভাবনাই বেশি। ফুটবলের মূল ভেন্যুটি সংস্কারের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের কাছে ছেড়ে দেওয়া হয়েছে। বিকল্প ভেন্যু হিসেবে বাফুফে চেষ্টা চালাচ্ছে ক্রিকেটের ব্যবহৃত ফতুল্লা স্টেডিয়ামকে ব্যবহার উপযোগী করার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত