মির্জাপুরে সেতু থেকে নদীতে লাফ দিয়ে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৪ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে গোসল করতে গিয়ে সেতু থেকে লাফ দিয়ে নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে।  

শান্ত মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নতুন কহেলা গ্রামের শফিনুর রহমান খানের ছেলে।

তিনি ধামরাই উপজেলার রাজাপুর কহেলা বাহারাম মল্লিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

এলাকাবাসী জানায়, শান্ত খান তার চার বন্ধু একই এলাকার আলিফ, আনাম, বিবেক ও নাদিমের সঙ্গে লৌহজং নদীর পার্শ্ববর্তী চর রাজাপুর এলাকায় গোসল করতে যায়।

একপর্যায়ে সকল বন্ধু মিলে সেতু থেকে লাফিয়ে পানিতে পড়ে গোসল করার সিদ্ধান্ত নেন এবং লাফাতে থাকেন। শান্ত খানও সেতু থেকে লাফিয়ে পানিতে পড়েন। শান্ত পানিতে পড়ে হাত দিয়ে কিছু একটা ইশারা করে তলিয়ে যায়।

এ দৃশ্য দেখে বন্ধুরা সেতু থেকে আর লাফ না দিয়ে নদীতে তাকে খুঁজতে থাকে। পরে স্বজনদের জানালে তারা ফায়ার সার্ভিসে বিষয়টি অবগত করেন।

মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে বিকেলে শান্তর মৃতদেহ উদ্ধার করে। এ সময় নদীর দুই পারে শত শত মানুষের ভিড় জমে।

শান্তর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

উয়ার্শী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন খান শান্তর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত