স্বাস্থ্য ভবনের সামনে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচিতে বসেছেন মেডিকেল টেকনোলজিস্টরা।
মহাখালীর স্বাস্থ্য ভবনের মূল গেইটের সামনে মঙ্গলবার সকাল ১০টায় এই অবস্থান কর্মসূচি শুরু হয়। আয়োজন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট-২০২০ নিয়োগ বাস্তবায়ন কমিটি।
এ সময় সংবাদমাধ্যমকে কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, ‘আমরা অবিলম্বে চূড়ান্ত ফলাফল চাই। লিখিত ও মৌখিক পরীক্ষা দেওয়ার পর এত দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও নিয়োগের জন্য চূড়ান্ত কেনো ফলাফল কেন প্রকাশ করা হচ্ছে না, তা আমাদের অজানা।’
এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক প্রশাসন বরাবর তারা স্মারকলিপি দিয়েছেন বলেও জানান। এও জানান, স্বাস্থ্য সচিবও বলেছিলেন দ্রুত ফলাফল প্রকাশ করা হবে।
কমিটির নেতারা জানান, মঙ্গলবার সারা দিন তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। পরবর্তীতে আলোচনার মাধ্যমে সামনের কর্মসূচি ঘোষণা করবেন।
করোনা মহামারি শুরুর পর জরুরি ভিত্তিতে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের উদ্যোগ নেয় সরকার। এরপর গত বছরের ২৯ জুন ৮৮৯ জন টেকনোলজিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর।
এ পদে ২৩ হাজার ৫২২ জন চাকরিপ্রার্থী গতবছর ডিসেম্বরে লিখিত পরীক্ষায় অংশ নেন। উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শেষ হয় এ বছর ২২ ফেব্রুয়ারি। এরপর সাত মাস পেরিয়ে গেলেও চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়নি।
