দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে দ্রুত করোনা পরীক্ষার আরটি-পিসিআর মেশিন স্থাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নের দাবিতে আমরণ অনশন কর্মসূচি দিয়েছেন প্রবাসীরা।
রাজধানীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিচে মঙ্গলবার দুপুরে অবস্থান নিয়ে শতাধিক প্রবাসীরা এই কর্মসূচি শুরু করেন।
সংবাদমাধ্যমকে তারা বলছেন, বিশ্বে করোনার সংক্রমণ কমছে। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বিভিন্ন দেশ লকডাউন শিথিল করছে। আকাশপথে চলাচল শুরু হয়েছে। কিন্তু দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর একটিতেও র্যাপিড আরটি-পিসিআর পরীক্ষাগার নেই। ফলে তারা বিদেশে কর্মস্থলে যেতে পারছেন না।
এ দিকে ৬ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা শনাক্তে পিসিআর পরীক্ষার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। বাকি দুই বিমানবন্দর হলো চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।
আন্দোলনরত প্রবাসীরা বলছেন, মন্ত্রিসভার নির্দেশের পর সপ্তাহ পেরোলেও বিমানবন্দরে পরীক্ষাগার স্থাপনের কাজ শুরু হয়নি। ফলে অনেক প্রবাসী কর্মস্থলে ফিরতে না পেরে বিপদে পড়ছেন।
