রোমাঞ্চিত তাসকিন বিশ্বকাপে বিশেষ কিছু করতে চান

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫২ পিএম

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হয়নি তার। দলে জায়গা না পাওয়ার খবরে সংবাদমাধ্যমের সামনেই কান্নায় ভেসেছিলেন। সেই দিনগুলো অবশ্য পেছনে ফেলে এসেছেন তাসকিন আহমেদ। কঠোর পরিশ্রমের মাধ্যমে দলে নিজেকে ফের অপরিহার্য করে তুলেছেন ডানহাতি ফাস্ট বোলার। তাই ওমান ও সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া বিশ্বকাপেও খেলতে যাচ্ছেন এই পেসার।

২০১৫ ওয়ানডে ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আরেকটি বিশ্বকাপে অংশ নেবেন, বিষয়টিতে বেশ রোমাঞ্চিত তাসকিন। তার স্বপ্ন এখন টুর্নামেন্টটা স্মরণীয় করে রাখা।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আমি অনেক খুশি যে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছি এবার। আমি খুব রোমাঞ্চিত যে খেলতে পারব ইনশা আল্লাহ। দলকে জেতানোর জন্য আমি ভালো কিছু উপহার দিতে চাই।’

টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতে বিশ্বকাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ দুই সিরিজে তাসকিন খেলার সুযোগ পাননি। জিম্বাবুয়ে সফরে একাদশে নিয়মিত থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন মাত্র একটি ম্যাচ।

তবে তাসকিন বাস্তবতাটা জানেন। তাই সেভাবে প্রস্তুত রেখেছেন নিজেকে, ‘কন্ডিশনের কারণে গত দুইটা টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারিনি। কিন্তু শেষ একটা ম্যাচ খেলা হয়েছে। প্রস্তুতি অনুযায়ী ওটিস গিবসন ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করা হচ্ছে। প্রস্তুতির জন্য ওখানে (ওমানে) গিয়েও আমরা বেশ কিছু সময় পাব। আমার বিশ্বাস, আমরা ভালো কিছু করতে পারব।’

ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ১৭ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচই হবে ওমানে। তাই সেখানে এক সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প হবে টাইগারদের। ৩ অক্টোবর ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন ক্রিকেটাররা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত