সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ নিয়ে মহাসড়কে বিক্ষোভ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৭ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌর সদরের শ্রীকোলা মোড় এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনায় অটো ভ্যানের দুই যাত্রী নিহত ও চালকসহ দুজন আহত হয়েছে।

নিহতরা হলো উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা মহল্লার মৃত সাইফুল ইসলামের ছেলে আনসার সদস্য রুবেল হোসেন (২২) ও মৃত আখের আলীর ছেলে ফরজ আলী (৪৫)।

আহতরা হলো একই মহল্লার অটো ভ্যানচালক মাহমুদুল ইসলাম (৩৫) ও কলেজছাত্র আবু হানিফ (২০)। গুরুতর আবু হানিফকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে ও আটো ভ্যানচালক মাহমুদুলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা গাছের গুঁড়ি ফেলে দুই ঘণ্টা বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে রাখে। এ অবরোধ চলাকালে বিক্ষুব্ধ এলাকাবাসী নিহতদের লাশ খাটিয়ায় তুলে  কাঁধে নিয়ে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ওপর বিক্ষোভ করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বাগ্‌বিতণ্ডা হয়।

অপরদিকে এ অবরোধ চলাকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের আধা কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যাত্রী আটকা পড়ে চরম ভোগান্তির শিকার হয়। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও উল্লাপাড়া থানা-পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে বিক্ষোভকারীদের সঠিক বিচার দেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

এ বিষয়ে উল্লাপাড়া থানার ওসি হুমাইয়ুন কবীর ও হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, এদিন সকালে উল্লাপাড়া উপজেলার পৌর সদরের শ্রীকোলা পূর্বপাড়া এলাকা থেকে কয়েকজন যাত্রী নিয়ে ব্যাটারি চালিত একটি অটো ভ্যান শ্রীকোলা মোড় এলাকায় এসে আঞ্চলিক সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় ঢাকা থেকে পাবনাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটো ভ্যানের দুই যাত্রী নিহত হয়। আহত হয় চালকসহ আরও দুজন। আহতদের উদ্ধার করে ঢাকা পঙ্গু ও স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ছাড়া ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত