অভিষেকেই ৪ গোলে হলারের রেকর্ড, বিধ্বস্ত রোনালদোর সাবেক ক্লাব

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১২:০৯ পিএম

ঘরের ক্লাব স্পোর্টিং লিসবনের জার্সিতে পেশাদারি ক্যারিয়ার শুরু করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ উইঙ্গার রিয়াল মাদ্রিদ-জুভেন্টাস ঘুরে সম্প্রতি ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে।

এদিকে সিআর সেভেনের শৈশবের ক্লাব লিসবন এবারের চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করে বড় ধাক্কা খেয়েছে। তাও ঘরের মাঠে। ‘সি’ গ্রুপে ডাচ জায়ান্ট আয়াক্সের বিপক্ষে ৫-১ ব্যবধানে উড়ে গেছে লিসবন। অবশ্য এর আগে, রোনালদো গোল পেলেও তার ক্লাব ইউনাইটেডেরও একই অভিযান শুরু হয়েছে হার দিয়ে।

আয়াক্সের পাঁচ গোলের চারটিই করেছেন সেবাস্তিয়ান হলার। ২৭ বছর আইভরি কোস্ট তারকার প্রথম গোলটি আসে ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই। এরপর ৯ম মিনিটে করেন দ্বিতীয় গোল। তার দুই গোলেই অ্যাসিস্ট করেন ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্থনি।

৩৩তম মিনিটে ম্যাথিউস নুনেসের পাস থেকে গোল করে লিসবনকে ম্যাচে ফেরানোর আভাস দেন পর্তুগালের পাওলিনহো। কিন্তু ৩৯তম মিনিটে আয়াক্সের ব্যবধানটা বাড়ান স্টিভেন বার্গুইস।

বিরতির পর ফের জ্বলে উঠেন চলতি বছর ওয়েস্ট হাম ছেড়ে আয়াক্সে যোগ দেওয়া হলার। ৫১তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। ৬৩তম মিনিটে করেন নিজের চতুর্থ গোল।

নেদারল্যান্ডসের সাবেক স্ট্রাইকার মার্কো ফন বাস্তেনের পর প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিনস লিগে অভিষেকেই চার গোল করে রেকর্ড গড়লেন হলার। ১৯৯২ সালের নভেম্বরে সুইডিশ ক্লাব আইএফকে গোতেবোর্গের বিপক্ষে এসি মিলানের জার্সিতে এই রেকর্ড গড়েছিলেন ডাচ কিংবদন্তি বাস্তেন।  

‘সি’ গ্রুপের আরেক ম্যাচে টার্কিশ ক্লাব বেসিকতাসকে ২-১ ব্যবধানে হারিছে বরুসিয়া ডর্টমুন্ড। জার্মান জায়ান্টদের হয়ে গোল দুটি করেছেন জুড বেলিংহাম ও আর্লিং ব্রট হালান্দ।

২০তম মিনিটে ইংলিশ মিডফিল্ডার বেলিংহামের গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে দলের ব্যবধান দ্বিগুণ করেন হালান্দ। চলতি মৌসুমে রীতিমত উড়ছেন নরওয়েজী স্ট্রাইকার।

চ্যাম্পিয়নস লিগে ইতিমধ্যে ১৭ ম্যাচে ২১ গোল করে ফেলেছেন ২১ বছর বয়সী তারকা। অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সালজবার্গের হয়ে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজের জাত চেনান হালান্দ। এরপর ২০২০ সালে তাকে দলে ভেড়ায় ডর্টমুন্ড। জার্মানিতে এসে নিজেকে আরও ভালোভাবে মেলে ধরেছেন তিনি।

সি-গ্রুপে এক ম্যাচ শেষে তিন পয়েন্ট নিয়ে শীর্ষে আয়াক্স। সমান পয়েন্ট নিয়ে পরের স্থানে ডর্টমুন্ড। বেসিকাস তিনে। চারে লিসবন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত