টাঙ্গাইলের দেলদুয়ারে স্বামীর হাতে অন্তঃসত্ত্বা স্ত্রী খুন হয়েছেন। বুধবার রাতে উপজেলার এলাসিন ইউনিয়নের নয়াচর গ্রামে ঘটনাটি ঘটে।
নিহতের নাম দীপালী দাস (২৩)। এ ঘটনায় রাতেই স্বামী রামু চন্দ্রমনি দাসকে গেপ্তার করেছে পুলিশ।
নিহত দিপালী দাসের বাবার বাড়ি কালিহাতী উপজেলার সালেঙ্গা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর পূর্বে উপজেলার নয়াচর গ্রামের রামু চন্দ্র দাসের সঙ্গে দীপালী দাসের বিয়ে হয়। তাদের ঘরে ৪ বছর বয়সী এক মেয়ে রয়েছে। বর্তমানে দীপালী দাস ২ মাসের অন্তঃসত্ত্বা। পারিবারিক কলহের জেরে তার স্বামী ওই গৃহবধূকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করেন।
স্বামী রামু চন্দ্রমনি দাসকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা দুলু চন্দ্রমনি বাদী হয়ে দেলদুয়ার থানায় একটি হত্যা মামলা করেছেন।
পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
দেলদুয়ার থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে নিহতের স্বামী রামু পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করে। দীপালীকে তার স্বামীই হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
