আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গোপালগঞ্জ ইউনিটের নির্বাচনে মৃত ব্যক্তি ও ভুলে ভরা ভোটার তালিকা, অনিয়ম এবং সুনাম ক্ষুণ্ন করে শহর জুড়ে পোস্টার লাগানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নজরুল-সালাউদ্দিন পরিষদ।
বৃহস্পতিবার বিকেলে শহরে মডেল স্কুল রোডের নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরেন প্রার্থী এস এম নজরুল ইসলাম ও মো. সালাউদ্দিন খান।
তারা অভিযোগ করে বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে রেড ক্রিসেন্টের কোনো নির্বাচন হয়নি। ভোটের অধিকার নিশ্চিত করতে তারা নির্বাচনে প্যানেল দিয়েছেন। কিন্তু প্রতিপক্ষ প্যানেলকে বিজয়ী করতে নির্বাচন কমিশন ও রেডক্রিসেন্ট ইউনিট অনিয়মের মাধ্যমে মৃত ব্যক্তি ও ভুয়া ভোটার দিয়ে ভোটার তালিকা করেছে।
তারা আরও বলেন, এ ছাড়া তাদের প্রার্থীদের সুনাম ক্ষুণ্ন করতে রাতের আঁধারে তাদের প্যানেলের নাম দিয়ে পোস্টার লাগিয়েছে। এ ব্যাপারে তারা লিখিত অভিযোগ দিলেও কোণ ব্যবস্থা নেয় হয়নি।
এ সময় ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে নজরুল-সালাউদ্দিন পরিষদের প্রার্থীরা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
