দেশের সকল সাংস্কৃতিক সংগঠনের জন্য শিল্পকলা একাডেমির মিলনায়তনের ভাড়া মওকুফ ও প্রণোদনার আশ্বাস পেয়ে নাট্য প্রদর্শনী করতে যাচ্ছে আরণ্যক।
শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় ‘কহে ফেসবুক’ নাটকটির প্রদর্শনী করবে তারা।
এর আগে সোমবার সন্ধ্যায় আরণ্যকের প্রধান সম্পাদক মামুনুর রশীদ জানিয়েছিলেন, ‘করোনা পরিস্থিতিতে দেশের সকল সাংস্কৃতিক সংগঠনের জন্য শিল্পকলা একাডেমির সকল মিলনায়তনের ভাড়া মওকুফ এবং বিশেষ প্রণোদনার ব্যবস্থা না করা হলে আরণ্যক নাট্য প্রদর্শনী করবে না।’
শুক্রবার সকালে মামুনুর রশীদ দেশ রূপান্তরকে বলেন, ‘শিল্পকলা একাডেমি মিলনায়তনের ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় থেকেও প্রণোদনা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। যার প্রেক্ষিতে আমরা নাট্য প্রদর্শনী করতে যাচ্ছি।’
এ দিকে হল ভাড়া মওকুফ ও সাংস্কৃতিক সংগঠনের প্রণোদনাসহ বেশ কিছু দাবি নিয়ে বিকেলে শিল্পকলা একাডেমির সামনে প্রতিবাদ সমাবেশ আহ্বান করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। হল ভাড়া মওকুফ ও প্রণোদনার আশ্বাস পেলেও আরও কিছু দাবি রয়েছে জানিয়ে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘শিল্পকলা একাডেমি হল ভাড়া মওকুফ করেছে। কিন্তু আমাদের আরও কিছু দাবি সরকারকে জানাতে চাই। বিকেলে সংস্কৃতিকর্মীদের এই সমাবেশ অনুষ্ঠিত হবে।’
