দিনাজপুরে চার মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক ৪৫

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৩ পিএম

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট দিনাজপুরের তিন উপজেলার চার মসজিদে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ৪৫ জনকে আটক করেছে। 

বৃহস্পতিবার রাত ১২টা থেকে এ অভিযান শুরু করা হয়। 

অভিযান কালে মেধ্যাপাড়ার বাইতুল ফালাহা জামে মসজিদ থেকে ১২ জন, বিরল উপজেলার বিরল বাজার জামে মসজিদ থেকে ১৭, বোচাগঞ্জ উপজেলার আটগাঁও বড়ুয়া গ্রামের জামে মসজিদ থেকে সাত ও দিনাজপুর সদর উপজেলার একটি মসজিদ থেকে নয়জনকে আটক করা হয়। 

অভিযানে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, তাবলিগ জামাতে আসা একটি দল নাশকতার পরিকল্পনা করছে- এমন তথ্যের ভিত্তিতে ঢাকার কাউন্টার টেররিজম ইউনিটের সঙ্গে স্থানীয় পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। জেলার বেশ কয়েকটি মসজিদে অভিযান পরিচালনা করে মোট ৪৫ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা জেলা পুলিশের হেফাজতে রয়েছে।

বাইতুল ফালাহ জামে মসজিদের খাদেম আব্দুর রাজ্জাক বলেন, বৃহস্পতিবার ২২ জন মানুষ ঢাকা থেকে আসেন। তাদের মধ্যে ১২ জন এখানে অবস্থান করে বাকিরা অন্য মসজিদে থাকার কথা বলে চলে যান। রাতে এশার নামাজের পর আমরা বাসায় চলে গেলে তারা মসজিদেই অবস্থান করছিল। পরে রাতে শুনতে পারি তাদের পুলিশ ধরে নিয়ে গেছে। 

এ ব্যাপারে দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, ‘রাতে ঢাকার কাউন্টার টেররিজম ইউনিট দিনাজপুর শহর, বিরল ও বোচাগঞ্জ উপজেলার একাধিক মসজিদে অভিযান পরিচালনা করেছে। আমরা তাদের সহযোগিতা করেছি। তবে কতজন আটক হয়েছে, তা এখন জানানো সম্ভব হচ্ছে না। যাচাই-বাছাই শেষে পরে বিস্তারিত জানানো হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত