ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা করলেন মোটরসাইকেল চালক

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১০:২৮ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাফিজুর রহমান (৪০) নামে এক ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা করেছে এক মোটরসাইকেল চালক।

শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের সাত্তার মিয়ার ছেলে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম জানান, শুক্রবার রাত ৮টার দিকে হাফিজুর রহমান ইজিবাইক নিয়ে দত্তনগর বাজার থেকে বাড়ি ফিরছিল। পথে কেশবপুর মোড়ে পৌঁছালে সেখানে রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেলে ধাক্কা লাগে। এর জের ধরে মোটরসাইকেলের চালক খালিদ হাসানের সঙ্গে হাফিজুরের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে খালিদ হাসান হাফিজুর রহমানকে লাঠি দিয়ে মারধর শুরু করেন। এতে হাফিজুর রহমান আহত হলে তাকে ফেলে পালিয়ে যান খালিদ। সেখান থেকে হাফিজুরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি বলেন, এ ঘটনায় যারা জড়িত তাদের আটকে অভিযান চলছে।

অভিযুক্ত খালিদ হাসান কেশবপুর গ্রামের বাসিন্দা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত