আচমকা মমতার দলে মোদি সরকারের সাবেক মন্ত্রী বাবুল সুপ্রিয়

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৪:১২ পিএম

আচমকাই শনিবার দুপুরে তৃণমূলে যোগ দিলেন পশ্চিমবঙ্গের আসানসোলের বিজেপির সংসদ সদস্য তথা মোদি সরকারের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও এক সময়ের জনপ্রিয় গায়ক বাবুল সুপ্রিয়।

কলকাতার সংবাদমাধ্যম জানায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি নতুন দলের পতাকা হাতে তুলে নেন। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য ডেরেক ও’ব্রায়েন।

সম্প্রতি নরেন্দ্র মোদি কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল করলে মন্ত্রিত্ব খোয়ান বাবুল। প্রায় সঙ্গে সঙ্গেই এ নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ্যে আনেন দু’বারের এ মন্ত্রী। রাজনীতি ছাড়ার ঘোষণার পাশাপাশি জানান, সংসদ সদস্য পদও ছেড়ে দেবেন। ততক্ষণে উদ্যোগী হয়ে ওঠেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। জরুরি বৈঠকে বসেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।

সেই বৈঠক থেকে বেরিয়ে বাবুল জানান, তিনি রাজনীতি ছেড়ে দিলেও সংসদ সদস্য পদ ছাড়ছেন না। অন্য কোনো রাজনৈতিক দলেও যোগ দেবেন না। কিন্তু নরেন্দ্র মোদির জন্মদিন কাটতে না কাটতেই চমক দিলেন বাবুল।

বলা হচ্ছে, বাবুলের যোগদান চমক শুধু বিজেপির কাছেই নয়, চমক তৃণমূলের কাছেও। ভবানীপুর উপনির্বাচনের আগে এমন চমক পাওয়া যাবে, তা শাসক দলের অনেকেই আশা করেননি।

সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে বাবুলকে প্রচারে নামার ডাক দিয়েছিল বিজেপি। কিন্তু তিনি রাজনীতি থেকে দূরে থাকবেন জানিয়ে ‘না’ করেন দেন। এখন সে দূরত্ব আরও বাড়ল শুধু বিজেপির সঙ্গে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত