মৌলভীবাজারের উপজেলা পরিষদ উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রতিদিন প্রচারণা চালাচ্ছেন আ. লীগ প্রার্থী ভানু লাল রায়। এমন অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই ব্যানার নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে নৌকার জন্য ভোট চাইতে দেখা গেছে তাকে।
০২ সেপ্টেম্বর এই উপজেলার চেয়ারম্যান পদে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ১৩ সেপ্টেম্বর ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়। আগামী ১৯ তারিখ এই উপজেলায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ২০ তারিখ প্রতীক বরাদ্দ ও আগামী ৭ অক্টোবর এই উপজেলায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
সরকার দলীয় প্রার্থীর পাশাপাশি অন্যপ্রার্থীরাও বসে নেই। তারাও বিভিন্ন ঘরোয়া সভায় অংশ নিচ্ছেন।

আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণার বিষয়ে অবগত নন নির্বাচন কর্মকর্তারা। তবে, অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন বলে জানান তারা।
এদিকে শ্রীমঙ্গল শহর ঘুরে দেখা গেছে, শহরের মৌলভীবাজার সড়কের নাহার পেট্রলের পাশে সেন মার্কেটে আলোকসজ্জা দিয়ে তৈরি করা হয়েছে নৌকা। শহরের শতাধিক সিএনজি চালিত অটো রিকশা, কার, মাইক্রোবাস ইত্যাদিতে প্রার্থীর ছবি সংবলিত স্টিকার লাগানো রয়েছে। শুক্রবার ১০টার দিকে শহরের মৌলভীবাজার সড়কে মোটরসাইকেল শো ডাউন করতেও দেখা গেছে। এ ছাড়া প্রায় প্রতিদিন ‘বিজয়ের মালা আনবো, ৭ তারিখ নৌকা মার্কায় ভোট দিকে ভোট কেন্দ্রে যাবো’ স্লোগান সংবলিত ব্যানার নিয়ে উপজেলা রাধানগর, রূপসপুর, সদর ইউনিয়ন, দক্ষিণ উত্তরসুর, আমানতপুর ইত্যাদি এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে নৌকার জন্য ভোট চাচ্ছেন তিনি। এসব অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আফজল হক বলেন, আমরা নির্বাচন অফিসকে বারবার অভিযোগ দিয়েছি। কোন কাজ হয়নি। আমরা খুবই হতাশাগ্রস্ত, মর্মাহত। এভাবে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা করার ফলে শ্রীমঙ্গলের শান্তি নষ্ট হবে। আমরা চাই একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক। এভাবে আচরণবিধি ভেঙে একটি ত্রিমুখী দ্বন্দ্ব তৈরির চেষ্টা চলছে। আমরা প্রশাসনের কাছে দাবি করছি, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা হোক।
এ বিষয়ে জানতে চাইলে শনিবার বিকেল ৫টার দিকে নৌকার মনোনীত প্রার্থী ভানু লাল রায় এর ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
তবে তার এক ঘনিষ্ঠজন ফোন রিসিভ করে বলেন, ‘তিনি একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন তাই ব্যস্ত। পরে কল দেন।’
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি আমার জানা নেই। আগামী ২০ তারিখ আওয়ামী লীগের বর্ধিত সভা হওয়ার কথা রয়েছে, সেখানে আমাদের নির্বাচন পরিচালনা কমিটি হবে, সেখান থেকে আমরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করব।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা তপনজ্যোতি অসিম বলেন, তফসিল ঘোষণা করার পর এভাবে কেউ প্রচারণা করতে পারবে না। সেটা আচরণবিধি লঙ্ঘন হবে। আমাদের কাছে কোন প্রার্থী অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।
