ইউপি নির্বাচনকে কেন্দ্র করে হাতিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থী জিয়া আলী মোবারক (নৌকা) এবং ফখরুল ইসলামের (আনারস) সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় উপজেলা সদর ওছখালী থেকে ৯ কিলোমিটার দক্ষিণে বুড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালিরচর গ্রামের রাস্তার (বড় পোল থেকে দক্ষিণে) ওপর এ ঘটনা ঘটে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি থমথমে। রাতে গুরুতর আহত আটজনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে। পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এ খবর নিশ্চিত করেছে।
প্রত্যেকেই ধারালো অস্ত্রের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে আহত হয়েছেন। আহতরা হলেন- আনারস প্রতীকের প্রার্থীর সমর্থক আবদুর রহমান (২৪), জহির উদ্দিন (৪৫), সাজ্জাদুল ইসলাম (৩৬), আনোয়ার হোসেন (২৭) ও আমির হামজা (৪০) এবং নৌকার প্রতীকের প্রার্থীর সমর্থক ইব্রাহিম (৪৫), আরাফাত (১৮) ও মহিউদ্দিন (৪৫)।
উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত ইব্রাহিমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, আগামী সোমবার (২০ সেপ্টেম্বর) হাতিয়ার দশটির মধ্যে সাতটি (হরনি, চানন্দি ও সুখচর বাদে) ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হরে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কাঞ্চন কান্তি দাস রাত দশটায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় হাতিয়া থানায় কোনো মামলা হয়নি।
